পৌনে দুই কোটি টাকার হ্যান্ডসেট-সরঞ্জাম জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

৩০ ডিসেম্বর, ২০১৯ ২১:২৬  
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের অভিজাত শপিং মলে অভিযান চালিয়ে অবৈধ ও নকল মোবাইল, স্মার্টওয়াচসহ বিপুল পরিমান টেলিকম যন্ত্রপাতি জব্দ করেছে বিটিআরসি-র‌্যাব। ঢাকার মোতালেব প্লাজা, নাহার প্লাজা, চট্টগ্রামের সানমার ওশান সিটি, ইউনুসকো সিটি সেন্টার, ফিনলে স্কোয়ার, রেজোয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার, গাজী কমপ্লেক্স, বে-শপিং সেন্টার এবং কক্সবাজারের লাল দিঘীর পাড়, বিলকিস শপিং কমপ্লেক্সের বিভিন্ন দোকানে এগুলো পাওয়া যায়। বিটিআরসি জানিয়েছে, গত ১৮ ও ১৯ ডিসেম্বর পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে প্রায় পৌনে দুই কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট-সরঞ্জামাদি জব্দ, ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম এবং বিটিআরসির ইনফোর্সমেন্ট এবং ইন্সপেকশন শাখার সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসানের নেতৃত্বে অভিযানগুলো চলে। এতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৪৭৮ টি নকল ও অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট, ২০টি স্মার্টওয়াচ, ২ টি নকল ট্যাব, ২০০ টি নকল আইফোন ব্যাটারি, ১২০০ টি নকল মোবাইল চার্জার, ৭০ টি নকল হেডফোন এবং ৫৪ টি ভুয়া আইএমইআই স্টিকার । এসব ঘটনায় হয় ১৯টি মামলা হয়েছে। সিলগালা করা হয়েছে তিনটি দোকান।